নারী এশিয়া কাপে দারুণ জয় দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির দল প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারিয়েছে। আগে ব্যাট করে বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান তোলে। জবাবে ইন্দোনেশিয়ার ইনিংস থামে মাত্র ৫৮ রানে।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ইন্দোনেশিয়া। শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তৃতীয় ওভারে ৭ বলে ৮ রান করে আউট হন জুয়াইরিয়া ফেরদৌস। তখন দলের সংগ্রহ ছিল ১৬ রান।
এরপর দিলারা আক্তার ও সোবহানা মোস্তারি মিলে ইনিংস সামাল দেন। দিলারা ৩১ বলে চারটি চারে ২৭ রান করেন। ১০ম ওভারে ৫৬ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। এরপর অধিনায়ক নিগার সুলতানা ১১ বলে ১০ রান করে ফেরেন।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন সোবহানা মোস্তারি। ৪২ বলে দুটি চার ও একটি ছক্কায় তিনি করেন ৪০ রান। শেষ পাঁচ ওভারে ৪০ রান তুলতে গিয়ে পাঁচটি উইকেট হারায় বাংলাদেশ। তবে স্বর্ণা আক্তারের ১৮ বলে ৩১ রানের ঝোড়ো ইনিংসে লড়াইয়ের মতো সংগ্রহ পায় দলটি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান তোলে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার হয়ে নি আরিয়ানি ৩টি ও নি লুহ ২টি উইকেট নেন।
১৩০ রানের লক্ষ্যে নেমে শুরু থেকেই চাপে পড়ে ইন্দোনেশিয়া। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি। শেষ পর্যন্ত ৫৮ রানেই গুটিয়ে যায় ইন্দোনেশিয়ার ইনিংস, নিশ্চিত হয় বাংলাদেশের ৭১ রানের জয়।