রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকা থেকে মাদক মামলার দীর্ঘদিনের পলাতক ও পরোয়ানাভুক্ত আসামি ইসমাইল হোসেনকে (২২) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫।
গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর হড়গ্রাম বাজার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ইসমাইল হোসেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পবদেবপুর (সুলতানগঞ্জ) গ্রামের মৃত মোক্তার হোসেনের ছেলে।
শুক্রবার সকালে র্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর সদর কোম্পানির একটি দল জানতে পারে যে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা ওই আসামি হড়গ্রাম বাজার এলাকায় অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসমাইল স্বীকার করেছে যে, দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে সে ছদ্মবেশ ধারণ করে রাজশাহী মহানগরের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।
পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।