টানটান উত্তেজনা ও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোট গ্রহণ চলছে, যা বিকেল ৫টা পর্যন্ত অব্যাহত থাকবে।
নির্বাচনের এই ধাপে ১৫২টি আসনের জন্য প্রায় ৩ কোটি ৬০ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের দীর্ঘ সারি নির্বাচনকে উৎসবমুখর করে তুলেছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে রাজ্যজুড়ে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি স্পর্শকাতর এলাকাগুলোতে বাড়তি নজরদারি রাখা হচ্ছে। কিছু এলাকায় আকাশপথেও নজরদারি চালানো হচ্ছে।
এই ধাপে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি আসনে ভোটগ্রহণ হচ্ছে। এর মধ্যে রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ জেলার একাধিক আসন এবং নন্দীগ্রাম। এসব এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তবে ভোটের আগের রাতে নন্দীগ্রাম, দাঁতন ও বারাসাতসহ কয়েকটি স্থানে রাজনৈতিক সংঘর্ষের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে আটক করেছে স্থানীয় প্রশাসন।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের এই নির্বাচন দুই ধাপে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দফার ভোটগ্রহণ শেষে দ্বিতীয় ও শেষ দফা অনুষ্ঠিত হবে আগামী ২৯ এপ্রিল। আর ভোটের ফলাফল ঘোষণা করা হবে ৪ মে।