বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের পাট খাতকে বড় শিল্পে রূপ দিতে সরকার কাজ করছে। লক্ষ্য হলো এই খাতকে ৫ থেকে ৭ বিলিয়ন ডলারের রপ্তানি শিল্পে উন্নীত করা।
মঙ্গলবার (১৯ মে) ঢাকার ফার্মগেটে জুট ডাইভারসিফিকেশন প্রোমোশন সেন্টারে বহুমুখী পাটপণ্য মেলা-২০২৬–এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তি, গবেষণা এবং উন্নত বীজ ব্যবহার করে পাট খাতকে এগিয়ে নেওয়া হবে। পাটপণ্যের নতুন নতুন ব্যবহার বাড়ানোও জরুরি।
তিনি আরও বলেন, একসময় পাট ছিল দেশের প্রধান রপ্তানি পণ্য। তখন রপ্তানির বড় অংশ আসত পাট থেকে। কিন্তু এখন এর অবদান অনেক কমে গেছে। এখন সরকার আবার পাট খাতকে শক্তিশালী করতে চায় বলে জানান তিনি।
মন্ত্রী জানান, দেশে উন্নত পাটবীজ উৎপাদনের ওপর জোর দেওয়া হচ্ছে। বর্তমানে পাটবীজের একটি বড় অংশ বিদেশ থেকে আমদানি করতে হয়।
তিনি বলেন, পাটপণ্যের নতুন ডিজাইন ও বাজার সম্প্রসারণ করা হবে। গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ বাড়ানো হবে।
প্রতিমন্ত্রী মো: শরিফুল আলম বলেন, পাট শিল্পকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এতে নতুন কর্মসংস্থান তৈরি হবে।
অনুষ্ঠান শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রী মেলার স্টলগুলো ঘুরে দেখেন। তারা উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন।
৫ দিনব্যাপী এ মেলা ২৩ মে পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে।