পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষা করেই সরকার সুষম উন্নয়ন, জলবায়ু সহনশীলতা এবং স্থানীয় জনগোষ্ঠীর ক্ষমতায়নে কাজ করছে।
সোমবার রাজধানীর একটি হোটেলে ‘হাই-কাস’ প্রকল্পের উদ্বোধনী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পাহাড়ি জনগোষ্ঠী ও ঝুঁকিপূর্ণ মানুষের পাশে দাঁড়ানো জরুরি। বান্দরবানের সুয়ালক ও খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নেওয়া পাইলট প্রকল্প সফল হলে তা পর্যায়ক্রমে পুরো পার্বত্য চট্টগ্রামে সম্প্রসারণ করা হবে।
কানাডা সরকারের অর্থায়নে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর লক্ষ্য হলো হিন্দু-কুশ হিমালয় অঞ্চলে জলবায়ু অভিযোজন সক্ষমতা বাড়ানো।
অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, সরকার পার্বত্য অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, জনস্বাস্থ্য, জলবায়ু সহিষ্ণু কৃষি ও পরিবেশ রক্ষায় কাজ করছে।
তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি ও কৃষি জীববৈচিত্র্যের ওপর গুরুত্ব দেওয়া সময়োপযোগী পদক্ষেপ।
কর্মশালায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা, আরণ্যক ফাউন্ডেশন ও ইসিমোডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।