সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের জনসংখ্যার প্রায় ৬ শতাংশ মানুষ বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতা নিয়ে বেঁচে আছে। এই জনগোষ্ঠীকে বাদ দিয়ে সমাজের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, কোন প্রতিবন্ধী যেন একা মনে না করে, কারণ সরকার সব সময় তাদের পাশে আছে। তিনি আরও বলেন, প্রতিবন্ধী সন্তানকে সক্ষম ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবারের বাবা-মাকে যে পরিশ্রম করতে হয়, তার চেয়ে বড় চ্যালেঞ্জ হলো সন্তানকে সুস্থ ও স্বাবলম্বী করে তোলা। সরকার এই লক্ষ্যে যথাযথ চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করছে।
তিনি উল্লেখ করেন, বর্তমান সরকারের উদ্যোগে প্রতিবন্ধীদের কল্যাণে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে নির্বাচনের পূর্বে নির্বাচনী ইশতেহারে প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি রেখেছেন।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে, যার প্রথম সভা আজ অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের উন্নয়নে সরকার কতটা আন্তরিক তা এই উদ্যোগেই প্রতিফলিত।
মন্ত্রী আরও বলেন, প্রতিবন্ধীতা জয় করে অনেকেই দেশের জন্য গৌরব ও সুনাম বয়ে এনেছেন। অনুষ্ঠানে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। তিনি বলেন, কেউ নিউরো-ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে ভুগছে, কেউ শারীরিক প্রতিবন্ধী, কেউ বাক প্রতিবন্ধী বা দৃষ্টি প্রতিবন্ধী—তাদের সকলের প্রশংসনীয় দিকগুলোকে সামনে তুলে আনা হবে।
সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে অবদান রাখার জন্য ২৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।