বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকারের প্রথম ১০০ দিনে দুই শতাধিক উদ্যোগ ও প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সরকারের দাবি, এসব উদ্যোগের প্রভাব ইতোমধ্যে জনজীবনে দৃশ্যমান হতে শুরু করেছে এবং এর মাধ্যমে নতুন আশাবাদ তৈরি হয়েছে।
বুধবার সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে প্রকাশিত এক ই-বুকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম, গৃহীত পদক্ষেপ এবং অর্জনের তথ্য তুলে ধরা হয়। জানানো হয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে এই ই-বুক নিয়মিত হালনাগাদ করা হবে।
ই-বুকে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তারেক রহমান-এর নেতৃত্বাধীন সরকারের প্রথম ১০০ দিন ছিল মূলত প্রশাসনিক পুনর্গঠন, নীতিনির্ধারণ এবং জনগণের আস্থা পুনরুদ্ধারের সময়। অর্থনৈতিক চাপ, বৈশ্বিক অস্থিরতা, জ্বালানি সংকট ও দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক দুর্বলতার মধ্যেও সরকার দ্রুত বিভিন্ন জনমুখী উদ্যোগ গ্রহণ করেছে।
সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত কর্মসূচির মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, স্পোর্টস কার্ড, ই-হেলথ কার্ড, ডিজিটাল ভূমিসেবা, ই-বেইলবন্ড, খাল পুনঃখনন এবং ধর্মীয় নেতাদের আর্থিক সম্মানী প্রদান। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি, শিক্ষা ও তরুণদের দক্ষতা উন্নয়নে নতুন কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।
ই-বুকে আরও বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের কিছু প্রশাসনিক সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে আলাদা বার্তা দিয়েছে। এর মধ্যে রয়েছে রাষ্ট্রীয় প্রটোকল সীমিত করা, সরকারি ব্যয়ে সংযম আনা এবং মাঠপর্যায়ের সমস্যা দ্রুত সমাধানের নির্দেশনা।
তবে সরকার স্বীকার করেছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সংস্কার এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। তারপরও প্রথম ১০০ দিনে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, প্রশাসনিক শৃঙ্খলা এবং জনমুখী কার্যক্রমের মাধ্যমে একটি সক্রিয় সরকারের চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
ই-বুকে উল্লেখ করা হয়, অনেক প্রকল্প এখনো বাস্তবায়নের প্রাথমিক পর্যায়ে থাকলেও রাষ্ট্রকে আরও প্রযুক্তিনির্ভর, জবাবদিহিমূলক ও সেবামুখী করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের ভাষ্য অনুযায়ী, নির্বাচনী প্রতিশ্রুতিকে বাস্তব কর্মপরিকল্পনায় রূপ দেওয়ার মাধ্যমেই নেতৃত্বের কার্যকারিতা মূল্যায়িত হয় এবং বর্তমান সরকার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে।