মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ, কার্যকর ও গতিশীল করতে সরকারি ও বেসরকারি উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।
বুধবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে আয়োজিত ‘লাইভস্টক সার্ভিস ট্রান্সফরমেশন (এলএসটি) প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা বিষয়ক ভ্যালিডেশন কর্মশালা’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব অপরিসীম। তিনি আরও বলেন, পশুদের যথাযথ পরিচর্যা, উন্নত চিকিৎসাসেবা এবং দক্ষ জনবল নিশ্চিত করা সময়ের দাবি। এ খাতের আধুনিকায়নের জন্য আধুনিক রোগ নির্ণয় কেন্দ্র ও উন্নত ক্লিনিক ব্যবস্থা অপরিহার্য এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ করা হচ্ছে।
বক্তব্যে তিনি দেশের কৃষি ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার প্রাণিসম্পদ খাতকে বিশ্বমানের পর্যায়ে উন্নীত করতে আন্তরিকভাবে কাজ করছে।
প্রতিমন্ত্রীর সঙ্গে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মো. দেলোয়ার হোসেন। তিনি বলেন, খাতটি কেবল অভ্যন্তরীণ চাহিদা মেটানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে রপ্তানিমুখী খাতে রূপান্তর করা উচিত। এতে কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনেরও সম্ভাবনা রয়েছে।
কর্মশালায় প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এলএসটি প্রকল্পের টিম লিডার ড. মো: মুশফিকুর রহমান। স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক ড. রেজাউল হক খান। অনুষ্ঠানে মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।