আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা নিষিদ্ধ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ দেশ ছাড়ার চেষ্টা করছেন বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের মধ্যে পরশ, তার স্ত্রী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথিসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া অপর ব্যক্তি হলেন তানজীন ওহাব বৃষ্টি। তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চব্বিশের গণঅভ্যুত্থানের পর ৫ আগস্ট দেশ ছেড়ে পালান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ পরশ শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলে হক মনির ছেলে।
দুদকের উপপরিচালক এ কে এম মাহবুবুর রহমান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, শেখ ফজলে শামস পরশ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তারা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
কোথায় আছেন পরশ-নাহিদ, নিশ্চিত নয় ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ পরিবারের অনেক সদস্যের অবস্থান নিয়ে ধোঁয়াশা রয়েছে। শেখ ফজলে শামস পরশ ও তার স্ত্রী নাহিদ সুলতানা বর্তমানে কোথায় অবস্থান করছেন, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।