উজান থেকে নেমে আসা ঢলে আবারও বাড়ছে তিস্তা নদীর পানি। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নদীটির পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার বিভিন্ন এলাকায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (৩ আগস্ট) সকাল ৬টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এ তথ্য জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী।
তিনি বলেন, পানির চাপ নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রোল রুমের ইনচার্জ নুরুল ইসলাম জানান, রবিবার রাত থেকে তিস্তার পানি পঞ্চম দফায় আবারও বাড়তে শুরু করেছে। সোমবার সকাল ৬টায় ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার রায় বলেন, উজানের ঢলের কারণে তিস্তার পানি আবারও বাড়ছে। তবে তিস্তা, ধরলা, দুধকুমারসহ ছোট-বড় প্রায় সব নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে।