বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড-এর অধীন সব জেলার বুধবারের (৮ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায় বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
স্থগিতাদেশ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার পরীক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার জেলা প্রশাসকদের পাঠানো প্রতিবেদনের ভিত্তিতে চলমান বন্যা পরিস্থিতি বিবেচনায় বুধবারের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হয়েছে।
একই সিদ্ধান্ত ওই জেলাগুলোর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড-এর পরীক্ষার্থীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের অধীন বুধবারের নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। একইভাবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বাইরে থাকা জেলাগুলোতে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
স্থগিত হওয়া পরীক্ষার সংশোধিত সময়সূচি পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে টানা বৃষ্টিতে চট্টগ্রাম জেলায় জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৪১২ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গত প্রায় ৪৩ বছরের মধ্যে এক দিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের অন্যতম। এর আগে ১৯৮৩ সালের ৪ আগস্ট ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।