বাংলাদেশে তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে জাপানের ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবেনি করপোরেশন। পাশাপাশি দেশে এআই ডেটা সেন্টার চালু এবং দ্বিতীয় একটি কাফকো সার কারখানা স্থাপনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেছে প্রতিষ্ঠানটি।
রবিবার (১১ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে মারুবেনি করপোরেশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সাক্ষাতে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে এসব বিষয় নিয়ে আলোচনা করেন।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানো ও নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশি-বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার। তিনি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনিকে স্বাগত জানান।
বাংলাদেশের সঙ্গে মারুবেনির দীর্ঘদিনের পাটজাত পণ্যের ব্যবসায়িক সম্পর্কের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করা এবং নতুন খাতে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন।
বৈঠকে আগামী ১২ মাসের মধ্যে বাংলাদেশে একটি এআই ডেটা সেন্টার চালুর পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে আগ্রহ প্রকাশ করে মারুবেনি। পাশাপাশি কৃষিতে আধুনিক প্রযুক্তি ও এআই ব্যবহারে বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতার সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।
এ ছাড়া চট্টগ্রামে অবস্থিত কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (কাফকো) বিদ্যমান বিনিয়োগ সম্প্রসারণ এবং দেশে দ্বিতীয় একটি কাফকো সার কারখানা স্থাপনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ সরকারের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান। মারুবেনির পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির দক্ষিণ-পশ্চিম এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুসুমু ওয়াকামোরি এবং বাংলাদেশের কান্ট্রি হেড মানাবু সুগাওয়াড়া।