বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য আমদানি বাড়াতে নিউজিল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
রোববার রাজধানীতে খাদ্য মন্ত্রণালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত নিউজিল্যান্ডের হাইকমিশনার ডেভিড পাইনের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণ, খাদ্য নিরাপত্তা, খাদ্য ব্যবস্থাপনা এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্যের মান এখন আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থানে রয়েছে। এসব খাতে দুই দেশের বাণিজ্য আরও বাড়ানোর সুযোগ আছে।
তিনি নিউজিল্যান্ডের প্রতিনিধিদলকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, দেশের সব মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম বড় অগ্রাধিকার। এ ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন এবং নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় নিউজিল্যান্ডের সহযোগিতা গুরুত্বপূর্ণ হতে পারে।
প্রতিমন্ত্রী নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বাড়ানো এবং শিক্ষা ও গবেষণাক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণেরও আহ্বান জানান।
বৈঠকে নিউজিল্যান্ডের হাইকমিশনার ডেভিড পাইন বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং খাদ্য ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও শক্তিশালী সম্পর্ক রয়েছে।
তিনি নিউজিল্যান্ডে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মেধা, দক্ষতা এবং ইতিবাচক ভূমিকারও প্রশংসা করেন।
সাক্ষাৎকালে নিউজিল্যান্ডের কাউন্সিলর এগ্রিকালচার মিলানি ফিলিপস, অনারারি কনসাল শামসুল আলম মল্লিক, খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।