রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৩১ জুলাই) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, বাঘাইছড়ি উপজেলার সীমান্ত সড়কের মাঝিপাড়া এলাকা দিয়ে ইয়াবা ও বিদেশি সিগারেটের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে।
এ তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানসহ বিজিবির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত সড়কের মাঝিপাড়া ১৬ কিলোমিটার এলাকায় অবস্থান নেয়।
রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে ব্যাগ হাতে দুই ব্যক্তিকে ওই এলাকায় প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা ব্যাগ ফেলে পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল ও আশপাশে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ৭ দশমিক ৬২ মিলিমিটার চীনে তৈরি বিদেশি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি এবং ১০ কার্টন বিদেশি প্যাট্রন ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা অস্ত্র, গোলাবারুদ ও সিগারেটের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত গোয়েন্দা নজরদারি ও আভিযানিক টহল পরিচালনা করছে। চোরাকারবারীরা নানা কৌশলে চোরাচালানের চেষ্টা করলেও বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে তা প্রতিরোধে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে বিজিবির গোয়েন্দা ও আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।