বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রি মোলার।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি বিনিয়োগবান্ধব দেশ। দক্ষ জনশক্তি, বৃহৎ বাজার ও কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে দেশটি বিদেশি বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত সম্ভাবনাময়।
তিনি জানান, প্রতি বছর বিপুল সংখ্যক তরুণ শ্রমবাজারে প্রবেশ করছে, যা শিল্প ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, সরকার অবকাঠামো উন্নয়ন, লজিস্টিকস দক্ষতা বৃদ্ধি এবং ব্যবসা সহজীকরণে কাজ করছে, যা বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করবে। খন্দকার মুক্তাদির ডেনমার্কের বিনিয়োগকারীদের নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো ও শিল্প খাতে বিনিয়োগের আহ্বান জানান এবং ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ অর্থনৈতিক সহযোগিতার আশা প্রকাশ করেন।
ডেনমার্কের রাষ্ট্রদূত বৈঠকে বাংলাদেশের নতুন সরকারের প্রতি অভিনন্দন জানান। তিনি বলেন, বাংলাদেশ-ডেনমার্ক সম্পর্ক এখন উন্নয়ন সহযোগিতা থেকে বাণিজ্যিক অংশীদারিত্বে রূপ নিচ্ছে। ডেনমার্ক বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি উল্লেখ করেন, Maersk-এর মতো ডেনিশ কোম্পানিগুলো বাংলাদেশে সফলভাবে কার্যক্রম পরিচালনা করছে এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ অব্যাহত রেখেছে। পাশাপাশি তিনি প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বৃদ্ধির এবং ডেইরি ভ্যালু চেইন উন্নয়নে আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আব্দুর রহিম খান উপস্থিত ছিলেন।