বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক অংশীদারত্ব এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিদ্যমান সহযোগিতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়।
বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন।
আলোচনায় ভারত-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারত্বের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে আন্তঃসীমান্ত বিদ্যুৎ ও জ্বালানি সংযোগের গুরুত্ব তুলে ধরা হয়। দুই দেশের জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি, টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং জনগণের অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করে।
বৈঠকে পারস্পরিক স্বার্থ ও কল্যাণের ভিত্তিতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে চলমান সহযোগিতা অব্যাহত রাখা এবং ভবিষ্যতে তা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যুৎ বিনিময় ও জ্বালানি সহযোগিতা দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে। নতুন উদ্যোগের মাধ্যমে এ খাতে পারস্পরিক সহযোগিতা আরও কার্যকর ও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।