ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের সামনে ভক্তদের ওপর ট্রাক উঠে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। নবরাত্রি উপলক্ষে মন্দির এলাকায় ভক্তদের ভিড়ের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গোয়ালিয়রের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ধর্মবীর সিং জানান, ছিনোর দিক থেকে আসা ট্রাকটি ঢাল বেয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারায়। ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ট্রাকটি পুলিশের ব্যারিকেড ও চেকপোস্ট ভেঙে ভক্তদের ওপর উঠে যায়। পরে মন্দিরের মূল ফটক ও প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে পড়ে।
নবরাত্রি উপলক্ষে ওই এলাকায় ভক্তদের ভিড় ছিল। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
গোয়ালিয়রের জেলা প্রশাসক রুচিকা চৌহান জানান, দুর্ঘটনায় আহত ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত পাঁচ থেকে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় দায়িত্ব পালনরত দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।