রাজধানীর মিরপুরে বকেয়া বেতন-ভাতার দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। পরে আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসকর্মীদেরও ধাওয়া করেন তারা।
রবিবার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল থেকে বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ বিভিন্ন দাবিতে মিরপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা, জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এর মধ্যে মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেন শ্রমিকেরা।
ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে গেলে তাদেরও ধাওয়া করেন বিক্ষুব্ধ শ্রমিকেরা।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, সকাল থেকে মিরপুরের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন জানান, খবর পেয়ে পল্লবী স্টেশনের একটি দল ঘটনাস্থলে গেছে। তবে আগুন লাগা গাড়িটি পুলিশের কি না, তা তিনি নিশ্চিত নন।