মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে ভারত থেকে ছয়জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা ঠেকিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১১ অক্টোবর) সকালে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় এ চেষ্টা প্রতিহত করা হয়। গত দুই দিনের মধ্যে একই উপজেলায় এটি দ্বিতীয় পুশইনের চেষ্টা।
বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৬টার দিকে সীমান্তের ১৩৭ নম্বর পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। দিঘলকান্দি বিএসএফ ক্যাম্পের কমান্ডার হিম্মত সিংয়ের নেতৃত্বে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা ছয়জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেন। তাদের মধ্যে চারজন নারী ও দুজন পুরুষ ছিলেন।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক বলেন, সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। পুশইনের চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ সময় তিনি সীমান্ত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানান।
এর দুই দিন আগে একই উপজেলার শেওড়াতলা সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছিল বিএসএফ। ওই দলে একজন পুরুষ, একজন নারী ও একটি শিশু ছিল বলে জানা গেছে।