যশোর শহরকে যানজট ও জলাবদ্ধতা মুক্ত করার লক্ষ্যে নতুন সেতু নির্মাণসহ একাধিক উন্নয়ন প্রকল্প গ্রহণের ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার দুপুরে যশোর পৌরসভার ৬ ও ৯ নম্বর ওয়ার্ডে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে রাস্তা, ড্রেন ও স্ট্রিট লাইট স্থাপন কাজের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী বলেন, শহরের হযরত গরীব শাহ মাজার থেকে ঘোপ নওয়াপাড়া সড়কে একটি নতুন সেতু নির্মাণ এবং বর্তমান কাঠেরপুল সেতু প্রশস্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে শহরের যানজট পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, যশোরবাসীর জীবনযাত্রা সহজ করতে অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আগামী বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতার সমস্যা অন্তত অর্ধেক কমিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
উদ্বোধনী প্রকল্পের আওতায় বিভিন্ন এলাকায় আরসিসি সড়ক, ড্রেন নির্মাণ ও স্ট্রিট লাইট স্থাপনের কাজ শুরু হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।