যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, সরকার যুবসমাজের চাওয়া-পাওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং সবাইকে সঙ্গে নিয়ে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বুধবার সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের অডিটোরিয়ামে ‘যুব সমাবেশ-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অত্যন্ত সময়োপযোগী। যুবসমাজকে এআই-এর ইতিবাচক ও সৃজনশীল দিকগুলো গ্রহণ করতে হবে।
প্রতিমন্ত্রী যুবকদের দল-মত নির্বিশেষে স্বাধীনভাবে মতামত প্রকাশের আহ্বান জানিয়ে বলেন, সবসময় ন্যায়ের পক্ষে কাজ করতে হবে, সৎ থাকতে হবে এবং অন্যায়কে রুখতে হবে।
তিনি আরও জানান, বিদেশে ‘কেয়ার গিভার’-এর চাহিদা বেড়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে যাদের বিদেশে পাঠানো হবে, তাদের দক্ষ করে প্রস্তুত করা হবে এবং যুব উন্নয়ন অধিদপ্তর এই বিষয়ে কার্যক্রম চালাচ্ছে।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, প্রতিটি জেলায় যুব প্রশিক্ষণ সেন্টারে এআই প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এছাড়া ‘যুব সমাবেশ’কে ঢাকাকেন্দ্রিক না রেখে পর্যায়ক্রমে বিভাগীয় ও জেলা পর্যায়ে আয়োজনের নির্দেশনা দিয়েছেন, যাতে দেশের যুব কার্যক্রম আরও গতিশীল ও তৃণমূলমুখী হয়।