পানিসম্পদ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা, প্রযুক্তি ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস।
মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী অ্যানীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোম্মের (Joris Van Bomme) সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়। এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।
বৈঠকে পানিসম্পদমন্ত্রী বলেন, নেদারল্যান্ডস বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। দুই দেশের মধ্যে পানিসম্পদ ব্যবস্থাপনা, শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, পেশাগত দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং গবেষণার ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন করেছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও সমীক্ষা শেষে তিস্তা মহাপরিকল্পনাও অনুমোদনের আশা প্রকাশ করেন তিনি।
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে পানিসম্পদ ব্যবস্থাপনায় কারিগরি সহযোগিতার জন্য বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। দেশের আর্থসামাজিক উন্নয়নে নেদারল্যান্ডসের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস—উভয়ই বদ্বীপ অঞ্চল হওয়ায় পানিসম্পদ ব্যবস্থাপনায় দুই দেশের অভিজ্ঞতার মিল রয়েছে। বাংলাদেশে টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীতীর সংরক্ষণ এবং নদীভাঙন প্রতিরোধে ডাচ সরকার সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী।
বৈঠকে পানিসম্পদ সচিব ড. এ. কে. এম. শাহাবুদ্দিন, অতিরিক্ত সচিব খোন্দকার আজিম উদ্দিন এবং অতিরিক্ত সচিব মোহা. এনামুল হক উপস্থিত ছিলেন।