জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে রাজপথেই ফ্যাসিবাদের পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার (৫ আগস্ট) সকালে বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় বিএনপি বারবার বলেছিল, ‘ফয়সালা হবে রাজপথে’। শেষ পর্যন্ত সেই রাজপথেই ফ্যাসিবাদের পরাজয় হয়েছে এবং গণতন্ত্রের বিজয় হয়েছে।
তিনি বলেন, ফ্যাসিবাদ ও গণতন্ত্রের লড়াইয়ে শেষ পর্যন্ত জনগণের বিজয় হয়েছে। সেই ধারাবাহিকতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণ বর্তমান সরকারকে নির্বাচিত করেছে।
জহির উদ্দিন স্বপন বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত সংসদকে কার্যকর ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। রাজনৈতিক মতপার্থক্য সংসদের ভেতরেই বিতর্কের মাধ্যমে সমাধান হওয়া উচিত।
তিনি আরও বলেন, যারা সংসদের পরিবর্তে রাজপথ বা সামাজিক যোগাযোগমাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করতে চান, তারা গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী কাজ করছেন।
তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানানো হচ্ছে। যে ঐক্যের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে, সেই ঐক্য ধরে রেখে সংসদকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে।
তিনি বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমেই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করা সম্ভব। শান্তিপূর্ণভাবে সব সমস্যার সমাধানের চেষ্টা করা হবে। তবে কোনো বাধা এলে জনগণকে সঙ্গে নিয়ে তা মোকাবিলা করা হবে।
এ সময় বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা প্রশাসক মো. মামুন খন্দকার, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বীর মুক্তিযোদ্ধা, জুলাইযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, জুলাই শহীদ পরিবার ও আহত জুলাইযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনা এবং সরকারি হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার, প্রতিবন্ধী শিশুকল্যাণ কেন্দ্র ও বৃদ্ধাশ্রমে প্রীতিভোজের আয়োজন করা হয়।