লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বোনচৌকি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এ সময় বিএসএফ সদস্যদের ফেলে যাওয়া দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৪টার দিকে বোনচৌকি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়দের দাবি, বিএসএফের কয়েকজন সদস্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কৃষকদের মারধর করেন। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে বিএসএফ সদস্যদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়।
স্থানীয়রা জানান, ধস্তাধস্তির সময় সীমান্ত এলাকায় বাংলাদেশিদের উপস্থিতি বাড়তে থাকলে বিএসএফ সদস্যরা দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেলে ভারতের দিকে চলে যান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিজিবি।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনাস্থলে পৌঁছে বিএসএফ সদস্যদের ফেলে যাওয়া দুটি শর্টগান ও একটি ওয়াকিটকি বিজিবির হেফাজতে নেন।
এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ‘ভারতীয় বিএসএফের সঙ্গে কথা চলছে। পরবর্তীতে অধিনায়ক পর্যায়ে কথা হলে বিষয়টি জানানো হবে। বোনচৌকি বিওপির ঘটনার বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। পতাকা বৈঠক শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।’
ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে। এ ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ ও পতাকা বৈঠকের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে।