দেশের লোকসংস্কৃতি, লোকগান, শিল্পী সমাজ এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে জাসাসকে আরও কার্যকর ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
শনিবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট গীতিকার ও জাসাসের প্রতিষ্ঠাতা সভাপতি লোকমান হোসেন ফকির স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, লোকমান হোসেন ফকির শুধু একজন শিল্পী ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের লোকসংগীত ও সংস্কৃতি অঙ্গনের এক গুরুত্বপূর্ণ নাম। তার গান, সুর ও সৃষ্টিশীল কাজ আজও মানুষের মনে জীবন্ত হয়ে আছে।
তিনি আরও বলেন, দেশের সংস্কৃতির জন্য যারা কাজ করেন, তারা মৃত্যুর পরও মানুষের হৃদয়ে বেঁচে থাকেন। লোকমান হোসেন ফকিরও তাঁর সৃষ্টিকর্মের মাধ্যমে জাতির সাংস্কৃতিক স্মৃতিতে স্থায়ী আসন করে নিয়েছেন।
ফকির মাহবুব আনাম বলেন, গ্রামবাংলার অনেক লোকগান, ঐতিহ্য ও সাংস্কৃতিক চর্চা এখন হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। এসব ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে জাসাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি জেলা ও উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দেন এবং এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক হেলাল খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল এবং সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদ সোহরাব।
বক্তারা বলেন, লোকমান হোসেন ফকিরের জীবন ও কর্ম বাংলাদেশের লোকসংস্কৃতি চর্চায় এক অনুপ্রেরণার উৎস। তাঁর অবদান সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সাংস্কৃতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ দায়িত্ব।