শিক্ষকদের দলীয় রাজনীতির প্রভাব কমিয়ে প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এস. এম. আমানুল্লাহ।
তেজগাঁও কলেজে অনুষ্ঠিত ‘টিসিডিসি ১ম জাতীয় বিতর্ক উৎসব-২০২৬’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য বিতর্ক, সংস্কৃতি ও ভাষা চর্চাসহ বিভিন্ন সহশিক্ষাক্রম কার্যক্রম বাড়াতে হবে। একই সঙ্গে শিক্ষকদের রাজনীতির প্রভাব কমিয়ে কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে গুরুত্ব দিতে হবে।
উপাচার্য বলেন, শিক্ষার্থীরা গঠনমূলক রাজনীতি করতে পারে, তবে শিক্ষকদের ভূমিকা হওয়া উচিত প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণকে কেন্দ্র করে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলোকে আরও আধুনিক ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষক-শিক্ষার্থী সবাইকে নিজ নিজ দায়িত্ব থেকে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।