তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের সবসময় গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা ড. মাহ্দী আমিন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) তেজগাঁও কলেজ ডিবেটিং ক্লাবের (টিসিডিসি) উদ্যোগে আয়োজিত ‘টিসিডিসি ১ম জাতীয় বিতর্ক উৎসব-২০২৬’-এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ড. মাহ্দী আমিন বলেন, সবসময় গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে থাকতে হবে। সঠিক ও ন্যায্য বিষয়ের পক্ষে থাকতে হবে এবং অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। শিক্ষার্থীদের ভবিষ্যতে জনগণের প্রতিনিধি হয়ে মানুষের কথা বলার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, তেজগাঁও কলেজ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের অনেক সাবেক শিক্ষার্থী দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করছেন এবং দেশকে নেতৃত্ব দিয়েছেন। বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
শিক্ষার্থীদের যোগ্য ও নৈতিক মানুষ হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্ব দিয়ে ড. মাহ্দী আমিন বলেন, একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারিবারিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ ও নৈতিকতার পাশাপাশি কর্মদক্ষতা অর্জন করতে হবে। শিক্ষার্থীদের এমনভাবে নিজেদের গড়ে তুলতে হবে, যাতে তারা ভবিষ্যতে কর্মসংস্থানের উপযোগী হতে পারেন কিংবা উদ্যোক্তা হয়ে অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন।
প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিতর্ক শিক্ষার্থীদের যুক্তি, সমালোচনামূলক চিন্তা ও বিশ্লেষণী দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক হবে।
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এস. এম. আমানুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমানসহ তেজগাঁও কলেজের পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিন।