মালয়েশিয়ায় শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে নতুন দুটি নীতিমালা চালু করা হয়েছে। ইন্টারনেটে ক্ষতিকর কনটেন্টের ঝুঁকি কমানো এবং অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষা জোরদার করাই এসব নিয়মের মূল লক্ষ্য।
শুক্রবার মালয়েশিয়ান কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি) ২০২৫ সালের অনলাইন সেফটি অ্যাক্টের আওতায় এই নির্দেশনাগুলো প্রকাশ করে। দেশটির অনলাইন সেবা প্রদানকারী লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোকে এসব নিয়ম বাধ্যতামূলকভাবে অনুসরণ করতে হবে।
নতুন নীতিমালায় ঝুঁকি হ্রাস, কনটেন্ট নিয়ন্ত্রণ, ব্যবহারকারীর নিরাপত্তা ব্যবস্থা এবং বয়সভিত্তিক সুরক্ষা কাঠামোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মগুলোকে নিয়মিত ঝুঁকি মূল্যায়ন ও কনটেন্ট মডারেশন করতে হবে।
অন্যদিকে শিশু সুরক্ষা নীতিমালায় ১৬ বছরের নিচে ব্যবহারকারীদের জন্য বিভিন্ন সীমাবদ্ধতা আরোপের কথা বলা হয়েছে। এতে বয়স যাচাই ব্যবস্থা, অভিভাবকীয় নিয়ন্ত্রণ, গোপনীয়তা সেটিংস এবং নিরাপদ কনটেন্ট ব্যবহারের নির্দেশনা অন্তর্ভুক্ত রয়েছে।
এমসিএমসি জানিয়েছে, অনলাইন সেফটি অ্যাক্টের নির্ধারিত ধারা অনুযায়ী এই নিয়মগুলো কার্যকর করা হচ্ছে, যা সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে বাধ্যতামূলকভাবে মানতে হবে।
সূত্র অনুযায়ী, এই উদ্যোগের মাধ্যমে মালয়েশিয়া শিশুদের জন্য একটি নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে চায়।