স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ফোর্সেসের উদ্যোগে এবং এসআরবি-১২-এর সার্বিক তত্ত্বাবধানে আজ দুপুর সাড়ে ১২টার দিকে ‘নতুন পথে প্রত্যাবর্তন: চরমপন্থী সর্বহারা সদস্যদের আত্মসমর্পণ-২০২৬’ শীর্ষক অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। অনুষ্ঠানে সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার মোট ৬৫ জন চরমপন্থী সর্বহারা সদস্য আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মিজ ফারজানা শারমিন এমপি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম এমপি। এছাড়া এসআরবি-এর মহাপরিচালক, রাজশাহী রেঞ্জের ডিআইজি, রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন), এসআরবি-এর অতিরিক্ত মহাপরিচালকসহ স্থানীয় প্রশাসন, পুলিশ ও এসআরবি-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসআরবি-১২-এর অধিনায়ক।
এসআরবি সূত্রে জানা গেছে, আত্মসমর্পণকারী সদস্যদের আজ এসআরবি-১২-এর কার্যালয়ে রাখা হবে। আগামীকাল আদালতের মাধ্যমে শপথ পাঠ করিয়ে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া হবে। একসময় এ অঞ্চলে চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই ও হত্যাকাণ্ডের মতো অপরাধে সর্বহারা চরমপন্থী গোষ্ঠীগুলো আতঙ্ক ছড়িয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযান ও পূর্ববর্তী আত্মসমর্পণের ধারাবাহিকতায় এবার আরও ৬৫ জন সদস্য অস্ত্র জমা দিয়ে আলোর পথে ফিরেছেন।
অনুষ্ঠানে উপস্থিত এক আত্মসমর্পণকারী জানান, দীর্ঘদিনের অন্ধকার পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে পেরে তিনি স্বস্তি পাচ্ছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
এর আগে ১৯৯৮, ২০১৯ ও ২০২৩ সালেও একই অঞ্চলে শত শত চরমপন্থী সদস্য আত্মসমর্পণ করেছিলেন। এসআরবি-এর এই উদ্যোগকে স্থানীয়ভাবে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনার ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।