ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে বিএনপি। এ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী নারী প্রার্থীদের জন্য আগামীকাল শুক্রবার (১৬ অক্টোবর) থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে দলটি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফরম সংগ্রহ করা যাবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএনপি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের পর তা যথাযথভাবে পূরণ করে আগামী ১৭ অক্টোবর, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে একই স্থানে জমা দিতে হবে।
এ উপনির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী নারী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।