সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, চিংড়ি মাছের রেণু পোনা ও ওষুধ সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
জব্দকৃত এসব ভারতীয় মালামালের বাজার মূল্য আনুমানিক ২২ লাখ ৬৮ হাজার ছয়শ’ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
শনিবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার পদ্মশাখরা, কুশখালি, তলুইগাছা, কাঁকডাঙ্গা, মাদরা, হিজলদী ও চান্দুড়িয়া ও ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দহা ভাঙ্গার মুখ নামক স্থান হতে ভারতীয় চিংড়ি মাছের রেণুপোনা, কুশখালি বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার শ্মশান ঘাট নামক স্থান হতে ভারতীয় ওষুধ, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল আমবাগান নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি নামক স্থান হতে ভারতীয় ওষুধ, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার রাজপুর নামক স্থান হতে, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল বড়ালি নামক স্থান হতে এবং চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল গোয়ালপাড়া নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
এছাড়া, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দকাটি নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। জব্দকৃত এসব ভারতীয় মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ২২ লাখ ৬৮ হাজার ছয়শ’ টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।