বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।
মঙ্গলবার (২৮ জুলাই) সেনাসদরে অনুষ্ঠিত এ সাক্ষাতে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।
সেনাপ্রধান নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে দায়িত্ব গ্রহণ উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তাঁর সফল নেতৃত্ব ও কর্মজীবনের সার্বিক সাফল্য কামনা করেন।
এর আগে, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে নৌবাহিনী প্রধানকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইএসপিআর জানায়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ দুই বাহিনীর বিদ্যমান আন্তঃবাহিনী সহযোগিতা, পারস্পরিক আস্থা ও পেশাগত সম্পর্কের প্রতিফলন।