স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীরবিক্রম। তিনি বলেছেন, সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে। এ জন্য নির্বাচনব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, ‘সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত।’ প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের বক্তব্য থেকে বোঝা যায়, আগামী নির্বাচনগুলো সুষ্ঠু হবে বলে তিনি আশা করেন।
স্থানীয় সরকার নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, সাধারণ মানুষের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিদের সরাসরি যোগাযোগ থাকে। তাই এ নির্বাচনগুলো নিরপেক্ষ ও সুষ্ঠু হওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচনগুলো সুষ্ঠু হয়নি। তবে বর্তমান নির্বাচন কমিশনের ওপর তার আস্থা রয়েছে। তার মতে, ইতোমধ্যে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় সুষ্ঠু হয়েছে।
এর আগে বুধবার (২১ অক্টোবর) ভোলার তজুমদ্দিন উপজেলায় নিজ সংসদীয় আসনে এক সংবর্ধনা অনুষ্ঠানে স্পিকার বলেছিলেন, ‘সমাজের নিকৃষ্ট যে লোকটা সেটাই এমপি-মন্ত্রী হয়।’ তিনি জানান, আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের ভিত্তিতেই তিনি ওই মন্তব্য করেছিলেন।
ভোলার গ্যাস ভোলাবাসীর ন্যায্য অধিকার
ভোলার প্রাকৃতিক গ্যাস প্রসঙ্গে স্পিকার বলেন, দ্বীপজেলা ভোলা প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ। সেখানে আরও বিপুল পরিমাণ গ্যাসের মজুত রয়েছে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, ভোলার গ্যাস কীভাবে ব্যবহার করা হবে, সে বিষয়ে সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এ নিয়ে সরকার বিদেশে যোগাযোগ করছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বড় সম্ভাবনা ভোলায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ভোলার গ্যাস ভোলাবাসীর ন্যায্য অধিকার।’
এ সময় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর, ভোলা জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলমসহ স্থানীয় রাজনৈতিক নেতারা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।