৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে ঢাকাসহ সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাব। গোয়েন্দা নজরদারি, টহল ও সাইবার পেট্রোলিং বাড়ানোর পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবসটি ঘিরে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ সংগঠন বা রাষ্ট্রবিরোধী কোনো মহল যাতে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
র্যাব জানায়, প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ এলাকার ঝুঁকি মূল্যায়ন করে পৃথক নিরাপত্তা পরিকল্পনা করেছে। আগাম তথ্য সংগ্রহে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। এ জন্য এলাকাভিত্তিক যোগাযোগ ব্যক্তি, ইনফর্মার ও সোর্স সক্রিয় রাখা হয়েছে।
এ ছাড়া ৪ আগস্ট দিবাগত রাত থেকেই অনুষ্ঠানস্থল, রোডমার্চ ও পদযাত্রার নির্ধারিত রুট এবং জুলাই স্মৃতিস্তম্ভগুলোতে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।
র্যাবের সদস্যরা নিজস্ব ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করবেন। পাশাপাশি স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ এলাকায় সাদা পোশাকে নজরদারি বাড়ানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্ভাব্য নাশকতা ঠেকাতে নিষিদ্ধ সংগঠন ও সন্দেহভাজন ব্যক্তিদের ওপর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। প্রতিটি জেলার অনুষ্ঠানস্থল ও জুলাই স্মৃতিস্তম্ভে ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও নজরদারি চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে সাইবার পেট্রোলিংও জোরদার করা হয়েছে।
র্যাব জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপরাধ ও নাশকতা প্রতিরোধে বাহিনীটি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।