আগামী ৭ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ দিকনির্দেশনা এই অধিবেশনের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরা হবে।
মঙ্গলবার ভোলার সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্পিকার এসব কথা বলেন। পাঁচ দিনের সফরে নিজ জেলা ভোলায় গিয়ে তিনি বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন।
স্পিকার বলেন, এবারের বাজেট অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, সরকারি দল ও বিরোধী দলের অংশগ্রহণে এমন একটি বাজেট উপস্থাপিত হবে, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি বয়ে আনবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার বিষয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, বাজেটে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং বাজেট অধিবেশন শেষে দেশের অর্থনীতির বাস্তব চিত্র জনগণের সামনে পরিষ্কারভাবে উঠে আসবে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগকারীরাও বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবেন বলে মন্তব্য করেন তিনি।
বিরোধী দলের ভূমিকার প্রসঙ্গে স্পিকার বলেন, গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানানো হবে এবং সংসদে বিরোধী দল যাতে কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় সময় নিশ্চিত করা হবে। সরকারি ও বিরোধী দলের মধ্যে সহযোগিতার পরিবেশ আগের অধিবেশনেও ছিল, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন।
জাতীয় সংসদের কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, বর্তমান সংসদ জনগণের প্রত্যাশা পূরণে ইতোমধ্যে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। ভবিষ্যতে সংসদ সদস্যরা আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
এ সময় তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, অতীতের তুলনায় এখন দেশের রাজনৈতিক পরিবেশ অনেকটাই স্বস্তিদায়ক। ফলে এবারের ঈদ সাধারণ মানুষের জন্য আরও আনন্দময় হবে বলে তিনি মনে করেন।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর ও পুলিশ সুপার মো. শহিদুল্লা কাওছারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।