পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য যত্রতত্র না ফেলে নির্ধারিত স্থানে ফেলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে এবং দুর্গন্ধ এড়াতে নাগরিকদের আরও সচেতন হতে হবে।
মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ৪ হাজার ৭৩৭টি হতদরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারের জন্য ঈদ উদযাপনে প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী দেওয়া হয়।
ময়মনসিংহ সিটি করপোরেশনের এই উদ্যোগের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের ব্যতিক্রমী ও মানবিক কার্যক্রম দেশের অন্য কোথাও খুব একটা দেখা যায় না। তিনি স্থানীয় জনগণের মাঝে পরিচ্ছন্নতা ও পরিবেশ সুরক্ষার বার্তা পৌঁছে দেওয়ারও আহ্বান জানান।
এ সময় তিনি বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচির কারণে দেশের জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি হয়েছে। খাল খনন ও পরিকল্পিত নগর ব্যবস্থাপনার ফলে ঢাকা ও ময়মনসিংহের অনেক এলাকায় আগের তুলনায় জলাবদ্ধতা উল্লেখযোগ্যভাবে কমেছে।
প্রতিমন্ত্রী আরও জানান, সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলট কার্যক্রম শুরু করেছে। ময়মনসিংহের নান্দাইলে এর উদ্বোধন করা হয়েছে এবং পর্যায়ক্রমে জেলার সব উপজেলায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করা হবে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের বিভিন্ন কর্মকর্তা, জেলা প্রশাসনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।