প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ ও উৎসাহিত করতে ‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রণোদনা স্কিম নীতিমালা, ২০২৬’ অনুমোদন দিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নবম বৈঠকে এ নীতিমালার অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নীতিমালার প্রস্তাব উপস্থাপন করা হয়।
নীতিমালায় বলা হয়েছে, প্রবাসী বাংলাদেশিসহ দেশের সব নাগরিককে বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রে উৎসাহিত করতে প্রণোদনা ব্যবস্থা চালু করা হবে। এর মাধ্যমে দেশে বিনিয়োগ প্রবাহ বাড়ানো এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সরকারের মতে, এ উদ্যোগের ফলে বিদেশি বিনিয়োগ আরও সহজ হবে এবং বিনিয়োগকারীদের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি হবে।
একই বৈঠকে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রস্তাবের আলোকে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়াও অনুমোদিত হয়।
প্রস্তাবিত সংশোধনীতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়কে গবেষণা, চিকিৎসাসেবা ও চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও বিস্তৃত কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে মুনাফাভিত্তিক বা অ-মুনাফাভিত্তিক প্রতিষ্ঠান গঠন এবং শেয়ারধারী হিসেবে অংশগ্রহণের বিধান অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে।
মন্ত্রিসভার বৈঠকে আরও জানানো হয় যে, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ আধুনিকায়নের মাধ্যমে সময়োপযোগী করা হচ্ছে।
এ ছাড়া বৈঠকে ড. খলিলুর রহমানের জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানানো হয়।