৪৬ বছর বয়সেও বিয়ের সিদ্ধান্ত নেননি অভিনেত্রী রাইমা সেন। তবে ভবিষ্যতে মা হওয়ার ইচ্ছা রয়েছে জানিয়ে তিনি বলেছেন, শুধু মা হওয়ার জন্য বিয়ের প্রয়োজন নেই। মা হওয়ার সম্ভাবনার কথা ভেবে কয়েক বছর আগেই নিজের ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাইমা সেন বলেন, ‘শুধু মা হওয়ার জন্য বিয়ে নিষ্প্রয়োজন।’
মা হওয়ার ইচ্ছা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি বাচ্চাদের ভীষণ ভালোবাসি। ভয় লাগে, কী জানি সব ম্যানেজ করতে পারব কি না, ভেবে দেখিনি। তবে আজ মনে হচ্ছে না, কাল ইচ্ছে হতেই পারে।’
রাইমা জানান, মা হওয়ার সম্ভাবনার কথা মাথায় রেখেই বেশ কয়েক বছর আগে নিজের ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছেন তিনি। অভিনেত্রীর ভাষায়, ‘সেই সব সাত-পাঁচ ভেবে অনেক কাল আগেই ডিম্বাণু সংরক্ষণ (এগ ফ্রিজ) করে রেখেছি।’
বিয়ে নিয়ে মা মুনমুন সেনও তাকে কোনো ধরনের চাপ দেন না। বরং মেয়েকে নিজের মতো সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন। রাইমার ভাষায়, ‘জোর করে কিছু করো না। পরে কখনো একাকিত্বে ভুগলে অনেকগুলো পোষ্য দত্তক নিও।’
নিজের বিয়ে নিয়ে রাইমা বলেন, ‘সত্যি কথা বলতে, এই বয়সে দাঁড়িয়ে বিয়ে করার তাগিদটাও অনুভব করি না। অ্যাটাচমেন্ট নিয়েও চিন্তা হয়।’
একাকী জীবন কেমন কাটছে- এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘দারুণ। আমার মনে হয়, চল্লিশের পরই জীবন শুরু হয়।’ তার মতে, বর্তমানে নিজেকে অনেক বেশি স্বাধীন মনে হয়।