জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত এই বর্ষ পালিত হবে।
শনিবার ময়মনসিংহের ত্রিশালে আয়োজিত নজরুল জয়ন্তীর সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গঠনের জন্য দেশে আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি। একই সঙ্গে রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তন এবং দেশের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের পুনর্জাগরণ প্রয়োজন। এ ক্ষেত্রে কাজী নজরুল ইসলামের জীবন, আদর্শ ও সাহিত্যকর্ম জাতির জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, নজরুলের সাহিত্য, দর্শন ও মানবিক চেতনা বিশ্বপরিসরে আরও বিস্তৃতভাবে তুলে ধরা প্রয়োজন। নতুন প্রজন্মের কাছে কবির জীবনবোধ পৌঁছে দিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথাও জানান তিনি।
এসময় ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে গড়ে তোলার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সংস্কৃতি মন্ত্রণালয় ও পর্যটন বিভাগকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম একে অপরের পরিপূরক। তিনি আমাদের জাতীয় চেতনা, অসাম্প্রদায়িকতা ও জাতীয়তাবাদের প্রতীক।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এতে আরও বক্তব্য দেন কবিপৌত্রী খিলখিল কাজী, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা।
অনুষ্ঠানে নজরুল গবেষণা ও কবির জীবনদর্শন নিয়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দুই গুণীজনের হাতে ‘নজরুল পদক’ তুলে দেন প্রধানমন্ত্রী। এছাড়া তিনি একটি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন এবং পরে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।