জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংগঠিত প্রতারণা চক্র সক্রিয় হয়ে উঠেছে। ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়ানো ভুয়া ভিডিওর মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
সম্প্রতি ভাইরাল হওয়া এসব ভিডিওতে দেখা যায়, আজহারী বিভিন্ন পণ্য যেমন মধু, কালিজিরা বা হারবাল সামগ্রী বিক্রির প্রচারণা করছেন। তবে বাস্তবে এসব ভিডিও ডিপফেক ও ভয়েস ক্লোনিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে জানা গেছে। প্রযুক্তির সাহায্যে তার মুখভঙ্গি, কণ্ঠস্বর ও কথোপকথন এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যা সাধারণ মানুষের পক্ষে সহজে শনাক্ত করা কঠিন।
প্রতারক চক্রটি মূলত মানুষের বিশ্বাসকে কাজে লাগিয়ে প্রতারণা চালাচ্ছে। ভিডিওর মাধ্যমে দর্শকদের আকৃষ্ট করে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে বলা হয়। এরপর আগাম অর্থ গ্রহণের পর পণ্য সরবরাহ না করা বা নিম্নমানের পণ্য পাঠানোর অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে অর্থ নেওয়ার পর যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।
AZHARi SHOP, Doctor Seba, Trust Herbal BD, Halal Shop BDসহ বিভিন্ন নামে পরিচালিত একাধিক পেজ ও অনলাইন প্ল্যাটফর্ম এই ধরনের প্রতারণার সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। প্রতিদিনই নতুন নতুন ভুক্তভোগীর সংখ্যা বাড়ছে বলে জানা গেছে।
এ বিষয়ে মাওলানা মিজানুর রহমান আজহারী একাধিকবার স্পষ্ট করেছেন যে, তিনি কোনো বাণিজ্যিক পণ্যের প্রচারণা বা বিক্রির সঙ্গে সম্পৃক্ত নন। তার নামে প্রচারিত এ ধরনের ভিডিও সম্পূর্ণ ভুয়া এবং প্রতারণার অংশ।
বিশেষজ্ঞরা বলছেন, ডিপফেক প্রযুক্তির অপব্যবহার ভবিষ্যতে আরও বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। তাই অনলাইনে কোনো ভিডিও দেখে প্রভাবিত হয়ে আর্থিক লেনদেনের আগে তথ্য যাচাই করা জরুরি।
সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে, শুধুমাত্র ভেরিফাইড সোশ্যাল মিডিয়া পেজ ও অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে তথ্য গ্রহণ করতে এবং সন্দেহজনক কোনো বিজ্ঞাপন বা ভিডিও দেখলে সতর্ক থাকতে। পাশাপাশি প্রতারণার শিকার হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।
সচেতনতা ও সতর্কতাই এ ধরনের প্রতারণা প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।