বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দা আবারও নিজের ব্যক্তিগত জীবন ও পরকীয়ার গুঞ্জন নিয়ে বিনোদনপাড়ার আলোচনার শীর্ষে চলে এসেছেন। সম্প্রতি তার আসন্ন চলচ্চিত্রের সহ-অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে প্রেমের খবর চাউর হওয়ার পর ইন্টারনেট দুনিয়ায় তুমুল বিতর্ক তৈরি হয়েছে। ঘটনার সূত্রপাত মূলত গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা স্বামীর বিরুদ্ধে নতুন করে পরকীয়া ও প্রতারণার চাঞ্চল্যকর অভিযোগ তোলার পর।
চলতি বছরের জুলাই মাসে গোবিন্দা তার নতুন সিনেমা ‘রূপা’-র সহ-অভিনেত্রী হিসেবে প্রথমবার কোমলকে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দিয়েছিলেন। কোমল মূলত হিন্দি বিনোদনজগতের একজন নতুন মুখ, যিনি উত্তরপ্রদেশ থেকে এসে বলিউডে নিজের অবস্থান তৈরির চেষ্টা করছেন। গোবিন্দার এই সিনেমার আগে সাধারণ দর্শকদের কাছে তিনি অনামী ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সক্রিয় থাকা এই অভিনেত্রীর সেখানে ১৫ হাজারের বেশি অনুসারী রয়েছে।
শুধু ‘রূপা’ সিনেমাই নয়, জানা গেছে গোবিন্দার সঙ্গে ‘দুনিয়াদারি’ নামে আরও একটি চলচ্চিত্রে কাজ করছেন কোমল। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে গোবিন্দার সঙ্গে কোমলকে একসঙ্গে ক্যামেরাবন্দি করা হলে এই প্রেমের গুঞ্জন নতুন মাত্রা পায়।
বিমানবন্দরে দুজনকে একসঙ্গে দেখার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিনাশকালে বিপরীত বুদ্ধি’—হয়তো গোবিন্দার আক্কেল পুরোপুরি নষ্ট হয়ে গেছে, তাই এসব করছে। এ নিয়ে আমার আর নতুন করে কিছু বলার নেই।’
ভক্তদের উদ্দেশ্যে ক্ষোভ উগরে দিয়ে সুনীতা আরও বলেন, যখনই তিনি স্বামীর পরকীয়া বা ধোঁকা দেওয়ার বিষয়গুলো সামনে আনেন, ভক্তরা উল্টো তাকেই ট্রোল করে। তিনি চান এবার ভক্ত ও সংবাদমাধ্যমই এসবের জবাব দিক, তাকে যেন আর কিছু জিজ্ঞেস না করা হয়।
উল্লেখ্য, ১৯৮৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া গোবিন্দা ও সুনীতা দম্পতির ঘরে টিনা আহুজা এবং যশবর্ধন আহুজা নামে দুটি সন্তান রয়েছে।