বিশ্বকাপে প্রিয় দল কোন জার্সি পরে মাঠ মাতাবে সেটা নিয়ে জল্পনা তুঙ্গে থাকে ভক্ত-সমর্থকদের। চলমান ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে কোন ম্যাচে কোন জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা, তা এরই মধ্যে চূড়ান্ত হয়েছে।
গ্রুপ ‘জে’-তে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে দুটি ম্যাচে ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সি পরবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আর এক ম্যাচে দেখা যাবে নতুন কালো অ্যাওয়ে জার্সি।
২০২৬ বিশ্বকাপ শুরু হওয়ার প্রায় সপ্তাহ খানেক পর আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে আর্জেন্টিনা। কানসাস সিটিতে অনুষ্ঠিত সেই ম্যাচে আর্জেন্টিনা খেলবে তাদের পরিচিত আকাশি-সাদা ডোরাকাটা জার্সি, নীল শর্টস ও নীল মোজা। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে দেখা যাবে সম্পূর্ণ কমলা রঙের কিটে।
গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচেও লিওনেল স্ক্যালোনির দল মাঠে নামবে ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সিতে। তবে গোলরক্ষক মার্টিনেজ পরবেন হালকা সবুজ রঙের গোলকিপার জার্সি।
অন্যদিকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে কালো অ্যাওয়ে জার্সি পরবে আর্জেন্টিনা। এদিন মার্তিনেজের কিট সবুজই থাকবে, তবে আগের ম্যাচের তুলনায় কিছুটা গাঢ় শেডে।