১০ম চায়না–সাউথ এশিয়া এক্সপো এবং ৩০তম চায়না কুনমিং আমদানি-রপ্তানি মেলা–২০২৬ সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বাংলাদেশকে ‘‘Outstanding Exhibition Organizer’’ পুরস্কার দেওয়া হয়েছে। এবছর বাংলাদেশ মোট চারটি ক্যাটাগরিতে ছয়টি পুরস্কার অর্জন করেছে।
বাংলাদেশের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ইপিবির পরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন এবং উপপরিচালক মো. রফিকুল ইসলাম। এ সময় কুনমিং-এ বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (বাণিজ্যিক) রিদওয়ানুর রহমান উপস্থিত ছিলেন।
এবারের মেলায় বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। আড়ং, সাসটেইনেবল বাংলাদেশ এবং ক্লে ইমেজ—এই তিনটি প্রতিষ্ঠানকে “Best Exhibitor” হিসেবে পুরস্কৃত করা হয়। পাশাপাশি বাংলাদেশ পেয়েছে “Best Pavilion” এবং “Best Booth Design” ক্যাটাগরিতেও সম্মাননা।
সমাপনী অনুষ্ঠানে ইউনান প্রদেশের বাণিজ্য বিভাগের উপ-মহাপরিচালক সুন মিং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার দেন।
উল্লেখ্য, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ব্যবস্থাপনায় এবং কুনমিং-এ বাংলাদেশ কনস্যুলেটের সহযোগিতায় ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের Dianchi International Convention & Exhibition Centre-এ গত ১১ জুন এই মেলার উদ্বোধন হয়। থিম কান্ট্রি হিসেবে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবো।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, আখতার হোসেন এমপি, মো. খালেদ হোসেন মাহবুব এমপি, সুলতানা জেসমিন এমপি, চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম, ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফসহ সরকারি ও বাণিজ্যিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এছাড়া মেলার সাইডলাইন ইভেন্ট “Big Market for all: Export to China” এ ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন। তিনি চীনে বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরেন।
এবারের মেলায় বাংলাদেশের রেকর্ডসংখ্যক ১০১টি প্রতিষ্ঠানের ১৭৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। মোট ৬৮টি দেশ থেকে প্রায় ২৩০০ এক্সিবিটর এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেয়। মেলার দ্বিতীয় দিনে “Bangladesh Day” উদযাপন করা হয়।