ইরানের হামলার পর সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রতি বাংলাদেশের সংহতি ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। একই সঙ্গে বাংলাদেশ-ইউএইর দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে ইউএই প্রেসিডেন্ট এই কৃতজ্ঞতা প্রকাশ করেন। চিঠিতে তিনি কঠিন সময়ে বাংলাদেশের সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত করার আগ্রহের কথা উল্লেখ করেন।
চিঠিতে ইরানি হামলায় ইউএইতে বসবাসরত দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে তিনি বাংলাদেশের জনগণের প্রতিও সহমর্মিতা প্রকাশ করেন।
ইউএই প্রেসিডেন্ট বলেন, অর্থনীতি, উন্নয়ন এবং মানবিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে বিদ্যমান অংশীদারত্ব আরও শক্তিশালী করতে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি প্রধানমন্ত্রীর আমন্ত্রণের জন্য কৃতজ্ঞতা জানিয়ে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহও প্রকাশ করেন। এ সফরের মাধ্যমে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতাকে আরও গভীর করার আশা ব্যক্ত করেন তিনি।
চিঠিতে উল্লেখ করা হয়, পারস্পরিক শ্রদ্ধা, ঘনিষ্ঠ বন্ধুত্ব এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্যকে ভিত্তি করে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বহুমাত্রিক ও দৃঢ় দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে উঠেছে। দুই দেশ ভবিষ্যতেও এ সম্পর্ক আরও সম্প্রসারণে একযোগে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।