12
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, উন্নয়ন মানে শুধু রাস্তা-ঘাট নির্মাণ নয়; স্বাস্থ্য, শিক্ষা, শিশু চিকিৎসা, খাল খনন এবং মানুষের জীবনমানের উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ। দীর্ঘ ১৭ বছরের অব্যবস্থাপনায় দেশের প্রায় সব খাত ধ্বংসপ্রাপ্ত অবস্থায় পৌঁছেছিল বলে মন্তব্য করে তিনি বলেন, এমন পরিস্থিতিতে দায়িত্ব নিয়েও সরকার প্রতিশ্রুতি অনুযায়ী একের পর এক কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে।
সোমবার (১৩ জুলাই) বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের নিয়ে আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, জনগণ ভালো করেই জানে কী অবস্থায় বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। ব্যাংকিং খাতকে দুর্বল করা হয়েছিল, স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছিল এবং উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবার অবস্থা ছিল নাজুক। শিক্ষা ব্যবস্থাকেও এমন পর্যায়ে নেওয়া হয়েছিল যে দেশের শিক্ষাগত সনদের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন হয়েছে। উচ্চশিক্ষিতদের মধ্যেই সবচেয়ে বেশি বেকারত্ব দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
এসব সংকটের মূল কারণ জবাবদিহির অভাব উল্লেখ করে তিনি বলেন, নিয়মিত ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত হওয়ার কথা থাকলেও গত ১৭ বছরে সেই ব্যবস্থাই ধ্বংস করা হয়েছিল।
সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কার্যক্রম চালু হয়েছে। দায়িত্ব নেওয়ার পরপরই রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা গেলেও পরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ায় জ্বালানি তেলের দাম বেড়ে যায়, যাতে বাংলাদেশকে অতিরিক্ত প্রায় আড়াই বিলিয়ন ডলার বা প্রায় ২৫ হাজার কোটি টাকা ব্যয় করতে হয়েছে।
পূর্ববর্তী সরকারের উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে তারেক রহমান বলেন, পদ্মা সেতু নির্মাণে প্রায় ৫৪ হাজার কোটি টাকা ব্যয় হলেও ভারতের ভূপেন হাজারিকা সেতুতে খরচ হয়েছে মাত্র ১৪ হাজার কোটি টাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পেও অস্বাভাবিক ব্যয় হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ প্রসঙ্গে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের শ্বেতপত্রে গত ১৭ বছরে অর্থ পাচারের তথ্য উঠে আসার কথাও উল্লেখ করেন তিনি।
উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ের ৫১ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উপজেলা স্বাস্থ্যব্যবস্থার ভিত্তি স্থাপন করেছিলেন এবং পরে খালেদা জিয়ার আমলে হাসপাতালগুলো ৫১ শয্যায় উন্নীত হয়েছিল উল্লেখ করে তিনি জানান, সারাদেশে এক হাজার শিশু হাসপাতাল প্রতিষ্ঠারও পরিকল্পনা রয়েছে সরকারের।
জলাবদ্ধতাকে দেশের বড় সমস্যা আখ্যা দিয়ে তিনি বলেন, শুধু ফ্লাইওভার নির্মাণে উন্নয়ন হয় না; খাল-ড্রেন ভরাটের কারণেই ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন শহরে জলাবদ্ধতা হচ্ছে, তাই পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন জরুরি।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, গত ১৭ বছর নির্যাতন-গুম-হত্যা-মামলার মধ্যেও নেতাকর্মীরা দলকে টিকিয়ে রেখেছেন, এখন সেই ঐক্য আরও প্রয়োজন। দলে হাইব্রিড বা অনুপ্রবেশকারীদের জায়গা না দেওয়ার আহ্বান জানান তিনি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিএনপি অবশ্যই নির্বাচন করবে, তবে সাংগঠনিক প্রস্তুতি শেষে বর্ষার পর সময় নির্ধারণ করা হবে। আসন্ন হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করার পাশাপাশি দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় দলকে সুসংগঠিত রাখার আহ্বানও জানান তিনি।