হবিগঞ্জের চুনারুঘাটে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিশেষ রেসপন্স ব্যাটালিয়ন (এসএআরবি)-এর পোশাক পরিহিত ভুয়া ছবি ও ভিডিও তৈরি করে নিজেকে বাহিনীর সদস্য পরিচয় দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
তাঁর মোবাইল ফোনে এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিও এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সেগুলো প্রচারের তথ্য পাওয়ার কথা জানিয়েছে এসএআরবি-৯।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসএআরবি-৯। এর আগে মঙ্গলবার রাতে চুনারুঘাটের আমতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তার সজিব রহমান চুনারুঘাট উপজেলার ইনাতাবাদ এলাকার মোহা. সাহাব উদ্দিন মোল্লার ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসএআরবি-৯-এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল জানতে পারে, চুনারুঘাট উপজেলার পুরোনো ঢাকা-সিলেট মহাসড়কের দেওরগাছ ইউনিয়নের আমতলী বাজার এলাকায় এক যুবক এআই ব্যবহার করে র্যাব তথা বর্তমান এসএআরবির পোশাক পরিহিত ভুয়া ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছেন।
অভিযোগ অনুযায়ী, ওই ছবি ও ভিডিও ব্যবহার করে নিজেকে এসএআরবির সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ ও প্রতারণা করে আসছিলেন তিনি। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সজিব রহমান জয়কে আটক করা হয়।
এসএআরবি-৯ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পরে তাঁকে ও জব্দ করা আলামত চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।