মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহারে উৎসাহিত করতে যৌথভাবে জনসচেতনতামূলক কর্মসূচি চালিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ‘মানসম্মত হেলমেট, নিরাপদ জীবন’ প্রতিপাদ্যে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে চালক ও আরোহীদের নিম্নমানের হেলমেট ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। হেলমেট কেনার সময় বিএসটিআইয়ের মানচিহ্ন ও প্রয়োজনীয় তথ্য যাচাই করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত ও প্রাণহানির ঝুঁকি কমাতে মানসম্মত হেলমেট গুরুত্বপূর্ণ। নিম্নমানের বা অনুপযুক্ত হেলমেট দুর্ঘটনার সময় যথাযথ সুরক্ষা দিতে ব্যর্থ হতে পারে।
বিএসটিআইয়ের বাধ্যতামূলক মান সনদের আওতায় রয়েছে মোটরসাইকেল ও শিল্পকারখানায় ব্যবহৃত হেলমেট। সংস্থাটির মোট ৩৩৫টি পণ্য এ সনদের আওতাভুক্ত।
কর্মসূচির মাধ্যমে মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার এবং সড়কের নিরাপত্তাবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।