এলপিজি গ্যাসের সরবরাহব্যবস্থা ব্যাহত করা বা বাজারে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অন্যদিকে, ধর্মঘট প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সচিবালয়ে এলপিজি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী এ হুঁশিয়ারি দেন।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এলপিজি একটি অত্যাবশ্যকীয় পণ্য। বাংলাদেশে এটি উৎপাদিত হয় না; বিদেশ থেকে আমদানি করতে হয়। যেসব উৎস থেকে এ পণ্য আমদানি করা হয়, সেসব অঞ্চলে বর্তমানে যুদ্ধপরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যে ডিলার পর্যায়ে ধর্মঘটের ডাক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
তিনি বলেন, এলপিজির বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি কিংবা সরবরাহব্যবস্থায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করা হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।
এদিকে, ধর্মঘটের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য ডিলারদের প্রতি আহ্বান জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
তিনি বলেন, ধর্মঘট প্রত্যাহার না করা হলে সরকার আইনি ব্যবস্থা নেবে। একই সঙ্গে সাধারণ মানুষ যাতে এলপিজি সরবরাহ নিয়ে কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে, তা নিশ্চিত করতে সরকার সতর্ক থাকবে বলেও জানান তিনি।