সুনামগঞ্জের শান্তিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর বিশেষ টাস্কফোর্স অভিযানে মালিকবিহীন একটি কাভার্ড ভ্যান থেকে ৩ কোটি ৫৮ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) রাত ৩টা ৪০ মিনিটের দিকে শান্তিগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় এবং ২৮ বিজিবির সহকারী পরিচালক মো. সেলিম রানার নেতৃত্বে ১০ সদস্যের একটি দল অংশ নেয়।
অভিযানকালে মালিকবিহীন কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ২ হাজার ৬৮৪ পিস ভারতীয় বিভিন্ন ধরনের উন্নতমানের শাড়ি জব্দ করা হয়। জব্দ করা শাড়িগুলোর আনুমানিক সিজারমূল্য ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাই পথে ভারতীয় অবৈধ পণ্য প্রবেশের মাধ্যমে সরকারের রাজস্ব ক্ষতি রোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জব্দ করা ভারতীয় শাড়িগুলো সুনামগঞ্জ কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।