কুমিল্লা জেলায় আদর্শ সদর উপজেলার বৌয়ারাবাজার সীমান্ত এলাকা থেকে ১০ হাজার ২শ’ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার বিকালে বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সূত্র জানায়, বুধবার ভোরে আদর্শ সদর উপজেলার বৌয়ারাবাজার বিওপি’র একটি টহলদল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সীমান্ত থেকে প্রায় একশ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর সূর্যনগর এলাকায় মালিকবিহীন অবস্থায় ১০ হাজার দুইশ’ পিস অবৈধ ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ৬০ হাজার টাকা।
জব্দকৃত মাদক ইয়াবা বিধি মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ভারত থেকে সীমান্ত পথে মাদক পাচার ঠেকাতে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।